ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই হত্যা মামলায় মাইটিভির সাথী আবারও গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৩:৩১:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৩:৩১:৫৯ অপরাহ্ন
জুলাই হত্যা মামলায় মাইটিভির সাথী আবারও গ্রেপ্তার



জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।


প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আব্দুল ওহিদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। এদিন শুনানিকালে নাসির উদ্দিন সাথীকে আদালতে হাজির করা হয়।

তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ‘মাইটিভির চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী আন্দোলনের সময় নিজের টিভি চ্যানেলে আন্দোলনের খবর তুলে না ধরে অন্য বিষয় তুলে ধরেন। এ আসামি ঘটনার সঙ্গে জড়িত মর্মে তদন্তে উঠে এসেছে।


তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।’

নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি বলেন, ‘এ আসামি গত বছরের আগস্ট মাস থেকে গ্রেপ্তার হয়ে জেলে আছেন। এক বছরের বেশি সময় ধরে জেলে।


এত দিনেও খবর হয়নি গ্রেপ্তার দেখানোর। আওয়ামী লীগে তার কোনো পদ-পদবি নেই। তিনি অসুস্থ, তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থণা করছি।’

মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরের গোলচত্ত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন মাহফুজ। দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের মামলা দায়ের করেন।

গত বছরের ১৭ আগস্ট গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত তাকে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর তথ্য দিয়েছেন তার আইনজীবী সোহরাব হোসেন রুবেল।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ