দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-১০-২০২৬ ১০:৪১:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১০-২০২৬ ১০:৪১:০৮ অপরাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা তদারকি করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। শুক্রবার (১৬ অক্টোবর) মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে এসব তথ্য জানান।
বিজিবি সূত্রে জানা গেছে, মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে শিবগঞ্জ উপজেলায় ১০টি এবং ভোলাহাট উপজেলায় দুটি পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে আরও একটি পূজামণ্ডপ রয়েছে। সব মিলিয়ে ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা তদারকি করছে ৫৯ বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মহানন্দা ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে ব্যাটালিয়ন সদরসহ দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং গুজব প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় উৎসব নিশ্চিত করি। মহানন্দা ব্যাটালিয়ন সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”পরিশেষে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎসব উদযাপনের আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স