ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৩:৪৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৩:৪৬:৩৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠপর্যায়ে সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সেক্টরের অধীন ৫০ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আসনের তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা জোরদারে বাহিনীর বিশেষায়িত ‘কে-৯’ ডগ ইউনিটও মোতায়েন করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। বিজিবি জানায়, ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচনের আগে ও পরে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালানোর পরিবেশ বজায় রাখার বিষয়েও নজরদারি করা হচ্ছে। নির্বাচন চলাকালে সীমান্ত অতিক্রম করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিজিবি আশা প্রকাশ করেছে, স্থানীয় জনগণ, রাজনৈতিক দল, প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ