তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের বৈঠক
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৭-১০-২০২৬ ০৪:০৮:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-১০-২০২৬ ০৪:০৮:৩১ অপরাহ্ন
ইরানের রাজধানী তেহরানে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিদের নিরাপত্তা বৈঠক হয়েছে।
আজ সোমবারের এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিম এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বৈঠকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন অংশ নেন। পাকিস্তানের প্রস্তাবে এবং ইরানের সম্মতিতে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পরিণতি এবং ফিলিস্তিন ও লেবাননের জনগণকে সহায়তার বিষয়েও আলোচনা হয়।
আল অ্যারাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, বৈঠক শেষে রেজায়ি আলোচনাকে ‘খুবই ভালো’ বলে বর্ণনা করেন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে তিনি বলেন, এ অঞ্চলে নতুন একটি পরিবেশ তৈরি হচ্ছে এবং আলোচনায় তিনি ইতিবাচক পরিস্থিতি অনুভব করেছেন।
সৌদি আরব জানিয়েছে, সামরিক উত্তেজনার পুনরাবৃত্তি ঠেকাতে আলোচনার পথ খোলা রাখাই এ সফরের উদ্দেশ্য। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে সহযোগিতা জোরদার করতে এ ধরনের আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে চার দেশ।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা সাক্ষাৎ করেন। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উপস্থিত ছিলেন। পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক নিরাপত্তা বাড়াতে যেকোনো সমঝোতাকে সমর্থন করে ইরান। আঞ্চলিক সহযোগিতা জোরদার ও বিরোধ নিষ্পত্তিতেও দেশটি প্রস্তুত।
সূত্র: তাসনিম; আল অ্যারাবিয়া
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স