ডিমলায় ২৮ অক্টোবরের হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-১০-২০২৬ ০৭:২১:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১০-২০২৬ ০৭:২১:২৫ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (স্টাফ রিপোর্টার ):
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সমাবেশে হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াত ইসলামী ডিমলা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিকেল ৪ টা ৩০ মিনিটে ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন লেবু, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি ওহেদুজ্জামান বাবুল, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক উপজেলা আমির মহিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন ডিমলা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, বর্তমান সরকারও সাবেক আওয়ামী লীগ সরকারের মতো একই ধারায় এগিয়ে যাচ্ছে। এতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। সরকার একই ধারায় চলতে থাকলে এর পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার পরিবারতন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এর পরিণতি সরকারের জন্য ভয়াবহ নিয়ে আনতে পারে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাওলানা মজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার যে পথে হেঁটেছে, বিএনপি সরকারও একই পথে হাঁটছে। প্রশাসনে দলীয়করণ ও পরিবারতন্ত্রের চর্চা চলছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ডিমলা শহরের আশপাশে মাদক, গাঁজা ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ড চলছে। কিন্তু এসব বিষয়ে প্রশাসনের যথাযথ নজরদারি নেই। পাশাপাশি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও সাম্প্রতিক গণভোটের রায় নিয়েও তিনি সমালোচনা করেন।
সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার পুনর্বিচার ও হামলায় নিহতদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান।
কর্মসূচিতে ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স