সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-১০-২০২৬ ০২:০৮:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১০-২০২৬ ০২:০৮:৩১ অপরাহ্ন
নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দয়।
দুদকের আবেদনে বলা হয়, শামীমা আক্তার শিরিন (৫৬) তার স্বামী মো. ছলিম উদ্দিন তরফদারের (৫৭) সহায়তায় পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ওই সম্পদ তারা নিজেদের ভোগদখলে রেখেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরো বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের সময় অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে শামীমা আক্তার শিরিনকে প্রভাব ও আর্থিক সহায়তা দিয়েছেন ছলিম উদ্দিন তরফদার।
দুদকের অভিযোগ অনুযায়ী, এ কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদকের আবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, শামীমা আক্তার শিরিন ও ছলিম উদ্দিন তরফদার তাদের ব্যাংক হিসাবের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর করা হলে অনুসন্ধান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবেদনটির শুনানি শেষে আদালত তাদের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স