চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-১০-২০২৬ ০৫:৩৭:২০ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-১০-২০২৬ ০৫:৩৭:২০ অপরাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে জাসদের জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু। সভাটি সঞ্চালনা করেন জাসদ নেতা আব্দুল মজিদ। অনুষ্ঠানে বক্তব্য দেন জাসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক রবিউল ইসলাম ডলার, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জাসদের পৌর কমিটির সভাপতি গোলাম মোস্তফা সবুর, আবু হেনা বাবলুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা জাতীয় বীর হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান তাঁরা। সভায় উত্থাপিত অন্যান্য দাবির মধ্যে ছিল—মগের মুল্লুকসুলভ শাসনের অবসান, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থবিরোধী বিদেশিদের সঙ্গে করা সব চুক্তি বাতিল করা।বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। জাসদ প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স