চাঁপাইনবাবগঞ্জে বিসিকের ২য় ব্যাচের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-১১-২০২৬ ০৮:৪৯:০১ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১১-২০২৬ ০৮:৪৯:০১ অপরাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’-এর দ্বিতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ বিসিক ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা মোহাঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম বলেন, “দেশে নতুন নতুন শিল্প উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে বিসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্যোক্তা হওয়ার আগ্রহ থাকলেও অনেকের সঠিক দিকনির্দেশনা, ব্যবসায়িক পরিকল্পনা ও প্রয়োজনীয় জ্ঞানের অভাব রয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ব্যবসা শুরু ও পরিচালনার বাস্তবভিত্তিক ধারণা পাবেন। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে প্রত্যেকে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন—এটাই আমাদের প্রত্যাশা। উদ্যোক্তাদের পাশে থেকে বিসিকের সহযোগিতা অব্যাহত থাকবে।” প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। একটি সফল উদ্যোগ শুধু একজন উদ্যোক্তাকেই স্বাবলম্বী করে না, বরং এর মাধ্যমে অন্যদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়। বিসিকের এ ধরনের প্রশিক্ষণ নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই।” পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে ব্যবসা নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, শিল্প নিবন্ধন, বিসিকের সহায়তা ও ঋণ সুবিধা, অনলাইন মার্কেটিং এবং শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, স্থানীয় শিল্পের বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা রয়েছে। উল্লেখ্য, প্রশিক্ষণ কোর্সটি ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স