ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-আশুলিয়ায় অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১২:৩০:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১২:৩০:৪৩ অপরাহ্ন
সাভার-আশুলিয়ায় অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি



শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে বের হয়ে মিছিল করেছেন। পরে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে বিষয়টি নিশ্চিত করেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

সরেজমিনে দেখা যায়, সকালে সাভারের উলাইল, রেডিও কলোনি, হেমায়েতপুর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল ও কাঠগড়া এলাকার অধিকাংশ কারখানায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য রয়েছে। সকাল ৮টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন।

তবে নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়ে কারখানা থেকে বের হয়ে যান। পরে আরও কয়েকটি কারখানার ফটকে শ্রমিকেরা মিছিল করলে সেসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 


একপর্যায়ে কয়েকশ শ্রমিক বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে মিছিল করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্ট থেকে তাদের ছত্রভঙ্গ করে দেন।

শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কারখানার ফটক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। 

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, পোশাকশ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেছেন। শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ