ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীকে জেলা বিএনপির শুভেচ্ছা, মাঠপর্যায়ে কৃষি কার্যক্রম পরিদর্শন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৭:৪০:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৭:৪০:২৬ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীকে জেলা বিএনপির শুভেচ্ছা, মাঠপর্যায়ে কৃষি কার্যক্রম পরিদর্শন
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সফরে আসায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে জেলা বিএনপির নেতারা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানান। পরে দুপুর ৩টার দিকে কৃষিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা ও বাবুডাইং এলাকায় কৃষি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রতিটি ইউনিয়নে সার ডিলারের সংখ্যা দুইজন থেকে বাড়িয়ে তিনজন করা হয়েছে। চলতি মাসেও চাহিদা অনুযায়ী সারের সরবরাহ বাড়ানো হয়েছে। সার ডিলারদের অনিয়মের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, সেবা প্রদানে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।পরিদর্শনকালে স্থানীয় কৃষকদের গ্রীষ্মকালীন বিষমুক্ত টমেটো চাষসহ আধুনিক কৃষি কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় আমবাগানের ফাঁকা জমিতে সাথি ফসল হিসেবে আদা চাষের সম্ভাবনার কথা তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর প্রায় দেড় লাখ টন আদা আমদানি করতে হয়। আমগাছের মধ্যবর্তী ফাঁকা জায়গায় আদা চাষ সম্প্রসারণ করা গেলে একদিকে আদার আমদানিনির্ভরতা কমবে, অন্যদিকে কৃষকদের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কৃষিকে পূর্ণাঙ্গ স্বাবলম্বী ও রপ্তানিমুখী করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। কৃষির উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, বিএনপি নেতা ওবাইদুল পাঠানসহ জেলার কৃষি ও মৎস্য বিভাগের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ