ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিআরটিএর সেই আলোচিত মোটরযান পরিদর্শক সৌরভ সাহার বিরুদ্ধে আবারো ঘুষের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০২:০৪:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০২:০৪:১৭ অপরাহ্ন
বরিশাল বিআরটিএর সেই আলোচিত মোটরযান পরিদর্শক সৌরভ সাহার বিরুদ্ধে আবারো ঘুষের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার অভিযোগ



বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বরিশাল সার্কেলের মোটরযান পরিদর্শক (ইন্সপেক্টর) সৌরভ কুমার সাহার বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স প্রদান, পরীক্ষা এবং যানবাহন নিবন্ধনে একচ্ছত্র দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। নিয়ম অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হলেও, দালাল চক্রের মাধ্যমে নিয়মবহির্ভূত উপায়ে লাইসেন্স দেওয়ার একটি রমরমা সিন্ডিকেট গড়ে তুলেছেন এই কর্মকর্তা। যার ফলে সড়কে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের জীবনের ঝুঁকি দিন দিন চরম আকার ধারণ করছে।


বিআরটিএ-এর নিয়ম অনুযায়ী লার্নার বা শিক্ষানবিস লাইসেন্স পাওয়ার পর নির্দিষ্ট দিনে বায়োমেট্রিক, লিখিত, মৌখিক এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশ নিতে হয়। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, পরীক্ষার বোর্ডে বড় একটি অংশ ফেল করলেও ইন্সপেক্টর সৌরভ সাহার আশীর্বাদপুষ্ট দালাল চক্রের মাধ্যমে সেই ফেল করা প্রার্থীদেরই রাতারাতি পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

সংযুক্ত লার্নার ড্রাইভিং লাইসেন্স নথিতে (যেমন: লার্নার নং- ১১-১৮৫৯৮২০১, আবেদনকারী: আকাশ খান, পিতা: মনির খান) দেখা যায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বরিশাল বিআরটিএ কার্যালয়ে তার পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু পরীক্ষার মূল ফলাফলের গোপনীয়তা এবং নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সৌরভ সাহা ও তার সিন্ডিকেট কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই টাকার বিনিময়ে এসব আবেদনপত্র পাস করিয়ে নেন। অনেক ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুপস্থিতির সুযোগ নিয়ে তিনি নিজের ইচ্ছেমতো খাতা ও ফলাফলে কারচুপি করেন বলে গুরুতর অভিযোগ রয়েছে।

সৌরভ সাহার এই দুর্নীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে বিআরটিএ কার্যালয়ের আশপাশে গড়ে ওঠা একটি শক্তিশালী দালাল ও ড্রাইভার চক্র। অনুসন্ধানে জানা যায়, সৌরভের নিজস্ব ড্রাইভার রিয়াজ খান, আলাউদ্দীন, জাকির, আসাদুল এবং হৃদয়সহ ২০-২৫ জনের একটি টিম মাঠপর্যায়ে ফেল করা পরীক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে। প্রতিটি লাইসেন্স পাইয়ে দেওয়ার চুক্তি বাবদ নির্দিষ্ট অংকের টাকা আদায় করা হয়, যার একটি বড় অংশ চলে যায় ইন্সপেক্টর সৌরভের পকেটে। প্রতিটি টেস্ট বোর্ডে এভাবেই অবৈধভাবে ৫ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেন এই কর্মকর্তা।

শুধু ড্রাইভিং লাইসেন্স নয়, সিএনজি অটোরিকশা, ট্রাক ও মোটরসাইকেল নিবন্ধনেও চলছে বেপরোয়া ঘুষ বাণিজ্য। প্রতিটি সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশনের জন্য ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতিপূর্বে কোনো অনুমোদন ছাড়াই শত শত থ্রি-হুইলার ও সিএনজি অবৈধভাবে নিবন্ধন করিয়ে তিনি হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। দুর্নীতি ও অনিয়মের এই মহোৎসবের কারণে ইতিপূর্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছিল। তা সত্ত্বেও দুদক মামলা ও বিভিন্ন দপ্তরে অভিযোগের পাহাড় জমে থাকার পরও রহস্যজনক কারণে বহাল তবিয়তে থেকে নিজের ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তিনি।

সাধারণ পরিবারের সন্তান হয়েও বিআরটিএ-র চাকরিতে যোগদানের পর থেকেই জাদুকরী বাক্সে বদলে গেছে সৌরভ সাহার ভাগ্য। গত ১১ বছরের চাকরিতে ক্ষমতার অপব্যবহার করে তিনি বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে নামে-বেনামে গড়ে তুলেছেন অর্ধশত কোটি টাকার অবৈধ সম্পদ। তার ও তার পরিবারের নামে একাধিক বাস (যেমন—‘হাওলাদার পরিবহন’-এর বাস), বিলাসবহুল প্রাইভেট কার এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে।

দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নজরদারি না থাকায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
সচেতন মহল ও সাধারণ মানুষের জোরালো দাবি, অবিলম্বে এই দুর্নীতিবাজ ইন্সপেক্টর সৌরভ সাহার বিরুদ্ধে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্তপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সড়কের নিরাপত্তা এবং সরকারি সেবার স্বচ্ছতা রক্ষা পায়।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ