ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারও ক্ষোভ থাকলে আমার সঙ্গে বসে কথা বলুক: পরীমনি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৫:৪২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৫:৪২:৪৬ অপরাহ্ন
কারও ক্ষোভ থাকলে আমার সঙ্গে বসে কথা বলুক: পরীমনি



রাজধানীর গুলশানে একটি ফ্যাশন শোতে স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। অনুষ্ঠান শেষে তার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় সাংবাদিকদের একাংশকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে গুলশানের শুটিং ক্লাবে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বক্তব্যে পরীমনি বলেন, তার পারফরম্যান্স চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় একদল লোক তার গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ সময় তিনি গাড়িতে উঠতে পারছিলেন না। পরে বাধ্য হয়ে গুলশান থানায় ফোন করেন।

পরীমনি বলেন, ‘এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমি বলব, এটা খুবই পরিকল্পিত একটা ঘটনা। যদি সবাই অনাকাঙ্ক্ষিত বলে চালিয়ে দিতে চান, তাদের জন্য বলি, গুলশানের মতো একটা জায়গায় পাঁচ দিন ধরে শো চলছে। আজ শেষ দিন। সেখানে আমার পারফরম্যান্সের সময় এত উৎসুক জনতা ছিল যে নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘পুরো পারফরম্যান্স করলাম, তখন কেউ কিছু বলল না। আমি যখন বের হয়ে যাব, তখন তারা আমার গাড়িতে হামলা করল। গাড়ি ভাঙচুর করল। আমার ড্রাইভার গাড়ির মধ্যে কাঁদছে। তার কী দোষ? আমার সঙ্গে কারও ক্ষোভ থাকলে আমার সঙ্গে বসে কথা বলুক।’



সাংবাদিকদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, ‘তারা জাস্ট ইয়েলো জার্নালিজম করে। জার্নালিজমের নাম নিয়ে সন্ত্রাসীগিরি করে।’

এ ঘটনায় শুধু তার গাড়িই ক্ষতিগ্রস্ত হয়নি, অনুষ্ঠানস্থলের বিভিন্ন স্টল ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এতে অন্য শিল্পীরাও হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি করেন পরীমনি। তার ভাষ্য, এ ঘটনায় পরবর্তী কয়েকটি পরিবেশনা ও অনুষ্ঠানের পরিকল্পনাও ভেস্তে গেছে।

পরীমনি জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাকে নিরাপদে বের করতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ফোর্সও চাওয়া হয়।

এদিকে, চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও ব্যক্তিগত জীবন ও বিভিন্ন বিতর্কের কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সর্বশেষ গুলশানের ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান ও তার মধ্যমা আঙুল প্রদর্শনের ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

একপর্যায়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন পরীমনি। ওই সাংবাদিককে হেনস্তা ও তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে অভিনেত্রী ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), এমআরইউ, ডিআরএফ ও ইয়ুথ জার্নালসহ কয়েকটি সাংবাদিক সংগঠন পরীমনির আচরণের নিন্দা জানিয়ে তাকে বয়কটের ঘোষণা দেয়।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ