ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বিএনপি অফিস ও গাড়িতে আগুন, গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১১-২০২৬ ০২:২৬:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৬ ০২:২৬:২২ অপরাহ্ন
খাগড়াছড়িতে বিএনপি অফিস ও গাড়িতে আগুন, গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা



খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়ি এবং গুইমারার বড়পিলাক এলাকায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করছেন তারা।



মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে জেলা শহরের পানখাইয়া পাড়া রোডে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। জিপ গাড়ির মালিক মো. এমাজ উদ্দিন শাহীন জানান, প্রতিবেশী ও বাজারের নাইট গার্ড তাকে ফোন করে জানান, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার দাঁড়িয়ে থাকা জিপ গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি দেখেন, ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তায়ও আগুন দেন।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলুকে মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগে ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী জানান, চলমান কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন। ঘটনার প্রতিবাদে রাতেই বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান জানান, খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া এলাকায় একটি জিপ গাড়ি ও গুইমারার হাফছড়িতে আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ছাড়া দীঘিনারার সাত মাইল, মাটিরাঙ্গার রিচাং ঝরনা ও গুইমারার বুদং পাড়া এলাকায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করলে তারা সেগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ