সহিংসতার ঘটনায় সরকার কিছুটা হলেও ব্যর্থ: তথ্য উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১১-২০২৬ ০২:২৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৬ ০২:২৯:৩২ অপরাহ্ন
সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সরকারের কিছুটা হলেও ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
তিনি বলেন, জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সেই দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের ঘটনা ঘটলে কেউ মনে করতেই পারেন, এখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে। কারণ, সরকার এসব ঘটনা ঠেকাতে পারেনি। তবে সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে এক সাংবাদিক বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নানা সহিংস ঘটনা ঘটছে। ফরিদপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় থাকা চালক জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। এর আগে একটি স্কুলবাসেও বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কী করছে?
জবাবে জাহেদ উর রহমান বলেন, বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। খালি বাসে আগুন দেওয়া হলেও মানুষের মনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। আর একটি ঘটনায় একজন মানুষের মৃত্যুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
তিনি বলেন, কোনো কিছু হয়নি, এটা বলা সরকারের দিক থেকে ঠিক হবে না। যখন একটা সরকার জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকে, যখন এ ধরনের ঘটনা ঘটে এবং একটা মৃত্যুও যখন হয়, সেটা নিশ্চিতভাবেই যে কেউ মনে করতে পারে যে এখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে। কারণ সেটা ঠেকাতে ব্যর্থ হয়েছে।
সরকার দ্রুত এসব ঘটনা নিয়ন্ত্রণে আনবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যারা ককটেল বিস্ফোরণ ঘটাতে গেছে, তাদের অনেকে হাতেনাতে ধরা পড়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের প্রবণতা কমে আসবে। জনগণকে অযথা ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দেশজুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে বলে মনে করেন না তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, এমন বক্তব্যের পক্ষে কোনো পরিসংখ্যান নেই। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তার মনে হয়নি যে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের ঘটনা ঘটলে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স