তামিমের ঘোষণার পর মুশফিকের বিদায়ী বার্তা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-১১-২০২৬ ০১:১২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১১-২০২৬ ০১:১২:৪৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের বিদায়ের ঘোষণা এসেছিল বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছ থেকে। এবার নিজের সিদ্ধান্তের কথা জানালেন মুশফিক নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার জানিয়েছেন, শৈশবের স্বপ্ন পূরণের ২২ বছরের পথচলা শেষে তাঁর প্রিয় সংস্করণ টেস্ট ক্রিকেটকেও বিদায় জানানোর সময় হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিনি।
নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তার শুরুতেই দীর্ঘ ক্রিকেটীয় যাত্রার জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিক। লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’
দীর্ঘ ক্যারিয়ারে পরিবারের সদস্য, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও সমর্থকদের অবদানও স্মরণ করেছেন মুশফিক। তাঁদের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।’
সমর্থকদের সঙ্গে তাঁর সম্পর্কের বিশেষ জায়গাটিও উঠে এসেছে বিদায়বার্তায়। বিশেষ করে মিরপুরের গ্যালারি থেকে ভেসে আসা সমর্থকদের পরিচিত স্লোগান তাঁর হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি। মুশফিকের ভাষায়, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া “মুশফিক, মুশফিক” ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’
বিদায়ের মুহূর্তেও জীবনের প্রতি নিজের দর্শন তুলে ধরতে ভোলেননি বাংলাদেশের এই তারকা। সবাইকে বিনয়ী হওয়া, মানুষের প্রতি সদয় থাকা এবং অন্যদের অনুপ্রাণিত করার আহ্বান জানিয়েছেন। নতুন অধ্যায় শুরুর আগে নিজের ও পরিবারের জন্য সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। সেটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম ম্যাচ। দীর্ঘ ২১ বছরেরও বেশি সময় পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই মিরপুরে শেষ টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ করতে যাচ্ছেন তিনি। দুই ম্যাচের মধ্যবর্তী সময়ের ব্যবধান দাঁড়াবে ৭ হাজার ৯৩৪ দিন।
এর আগে ২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিক।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স