তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন ও খেলাধুলায় সম্পৃক্ততার তাগিদ মাহ্দী আমিনের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-১১-২০২৬ ০৪:২৬:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১১-২০২৬ ০৪:২৬:৩১ অপরাহ্ন
তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে শুধু সচেতনতামূলক বক্তব্য নয়, বরং উদ্ভাবন, খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে তাদের আরও বেশি সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, তরুণদের তামাক থেকে দূরে রাখতে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন, খেলাধুলা ও সৃজনশীল চর্চার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
রোববার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ইয়ুথ ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো আয়োজিত ‘তামাকের ক্ষতি থেকে তরুণদের সুরক্ষা: করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলা, আইডিয়া জেনারেশন ও স্টার্টআপ ফান্ডিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভালো উদ্ভাবনী ধারণা থাকলে সরকারি অর্থায়নে তা বাস্তবায়নের সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে অর্থ জমা না রেখেই কেবল ভালো ব্যবসায়িক পরিকল্পনার ভিত্তিতে সরকারি অর্থায়ন নিয়ে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।
তামাক নিয়ন্ত্রণ ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকারের একক উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকার আইন প্রণয়ন ও বাস্তবায়নের কাজ করবে। তবে পরিবারে অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে তামাকজাত পণ্য থেকে নিরুৎসাহিত হয়, সে জন্য সবাইকে মিলে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। বিদ্যমান আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ। এ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি কৌতূহল, বন্ধুত্বের প্রভাব কিংবা সামাজিক চাপের কারণে তরুণদের তামাকের দিকে ঝুঁকে পড়া ঠেকাতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে চান, তারুণ্য যেন কোনোভাবেই তামাকের সংস্পর্শে না আসে। এ লক্ষ্য অর্জনে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাহ্দী আমিন জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর সারা দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এ ছাড়া জানুয়ারি থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে খেলাধুলা ও সংস্কৃতিকে নতুন বিষয় হিসেবে যুক্ত করা হচ্ছে।
সহশিক্ষা ও সৃজনশীল চর্চার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাব, স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি ও রোভার স্কাউট কার্যক্রমকে উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। সারা বছর আন্তঃস্কুল ও আন্তঃকলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কিরাত তেলাওয়াত, চিত্রাঙ্কন, সংগীত ও সংস্কৃতিচর্চার মতো ইতিবাচক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ব্যস্ত রাখা এবং এসব কাজে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুধু ভালো শিক্ষার্থী হওয়া কিংবা সনদ অর্জন নয়, বরং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্যতা অর্জনের ওপর জোর দেন মাহ্দী আমিন। তিনি জানান, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যক্রম সংস্কারে ইন্টারপারসোনাল স্কিলস, টিমওয়ার্ক এবং ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে।
শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে উপদেষ্টা বলেন, শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি, শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনা মূল্যে ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং ও দক্ষতা উন্নয়নের সুযোগ নিয়ে নিজেদের গড়ে তুলতে পারবেন।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষায় যেকোনো বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য দুটি বিষয় বাধ্যতামূলক করা হচ্ছে। এর একটি ‘মূল্যবোধ ও নীতিমালা’, যেখানে সুনাগরিক হওয়ার পাশাপাশি তামাক থেকে দূরে থাকার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। অন্যটি ‘ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন’, যেখানে সিভি লেখা, ইন্টারভিউ দেওয়া ও যোগাযোগ দক্ষতা শেখানো হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যায়ক্রমে আলাদা ক্যারিয়ার সার্ভিস অফিস প্রতিষ্ঠা এবং নিয়মিত জব ফেয়ার আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে।
তামাকবিরোধী লড়াইয়ে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, বাল্যবিবাহ, অ্যাসিড সন্ত্রাস ও শিশুশ্রম প্রতিরোধে যেভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে, তরুণ প্রজন্মকে তামাকের ছোবল থেকে রক্ষায়ও একইভাবে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে তরুণ-তরুণী ও যুবক-যুবতীদের সর্বোচ্চ ক্ষমতায়ন নিশ্চিত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, তাঁদের ক্ষমতায়নই বাংলাদেশের ক্ষমতায়ন। তরুণরা যত ভালো থাকবেন, দেশও তত ভালো থাকবে। রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তরুণ জনশক্তি উল্লেখ করে তিনি বলেন, তাত্ত্বিক, বাস্তবিক ও পরিসংখ্যানগত সব দিক থেকেই তরুণরাই দেশের মূল চালিকাশক্তি। ইতিহাসের প্রতিটি পর্যায়ের মতো জুলাই গণঅভ্যুত্থানেও তরুণ-তরুণীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতির সবচেয়ে বড় আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা এই তারুণ্যকে ঘিরেই আবর্তিত।
তামাক নিয়ন্ত্রণে ‘নারী মৈত্রী’র দাবি ও প্রত্যাশার সঙ্গে একমত পোষণ করে মাহ্দী আমিন বলেন, তামাক নিয়ন্ত্রণসংক্রান্ত এসব দাবি রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তামাকের বিরুদ্ধে সরকারের সুস্পষ্ট অবস্থান রয়েছে। ভবিষ্যতে যাঁরা দেশের নেতৃত্ব দেবেন, সেই তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা জরুরি।
সঠিক নীতি প্রণয়নের পাশাপাশি তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন উভয়ই চলমান প্রক্রিয়া। প্রয়োজন অনুযায়ী আইন সংশোধনের সুযোগ রয়েছে। তবে তা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ রাখলে চলবে না; প্রক্রিয়াগতভাবে বাস্তবায়ন করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টিতে সুনজর রয়েছে এবং সরকারের সব পর্যায়ে এ নিয়ে কাজ চলছে।
শিক্ষাব্যবস্থার প্রসঙ্গ টেনে উপদেষ্টা জানান, আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি নতুন বিষয় যুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে সপ্তম থেকে দশম শ্রেণিতেও এটি চালু হবে। সপ্তম থেকে দশম শ্রেণির পাঠ্যক্রমে তামাকের ক্ষতিকর দিক ও এ বিষয়ে সচেতনতার বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি। পাঠ্যপুস্তকে এসব বিষয় যুক্ত হলে শিক্ষার্থীদের মধ্যে শুরু থেকেই সচেতনতা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহ্দী আমিন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং অ্যান্টি-টোব্যাকো উইমেন এমপিস ফোরামের ভাইস চেয়ারপারসন মাহমুদা হাবিবা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স