রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বনির্ধারিত সাত দিনব্যাপী ‘জাতীয় যুব মেলা’ অনুষ্ঠিত হচ্ছে না। গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় মেলাটি স্থগিত করা হয়েছে। তবে দেশের সব জেলা ও উপজেলায় যুব মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আগামী ১ নভেম্বর দেশজুড়ে জাতীয় যুব দিবস পালিত হবে। এ উপলক্ষে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মীকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
যুব দিবস উপলক্ষে সারা দেশে ১২ হাজার নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এ ছাড়া দিবসটি উপলক্ষে দেশি-বিদেশি ৫৫টি প্রতিষ্ঠানকে নিয়ে একটি চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে পর্যায়ক্রমে তিন থেকে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল মাঠ নির্মাণ করা হবে।