জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং শত শত কোটি টাকা লেনদেন ও অর্থপাচারের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই আদেশ দেন।
আদালতে দেওয়া দুদকের আবেদনে বলা হয়, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির এই নেতার বিরুদ্ধে অসাধু উপায়ে ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা মিলেছে। এছাড়া তার ও তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৪টি ব্যাংক হিসাবে প্রায় ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন (জমা ও উত্তোলন) হয়েছে, যার মাধ্যমে অর্থ স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাকে এই মামলায় গ্রেফতার দেখানো জরুরি বলে আদালতকে জানায় দুদক।
উল্লেখ্য, গত ২০২৫ সালের ৮ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছিল।