চলতি ২০২৬-২৭ অর্থবছরে তিন লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
মন্ত্রী জানান, এবার পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা ধান বিক্রি করতে চাইলে নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরেও ধান সংগ্রহ করা হবে।
আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর, চলবে একই বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
চালের দাম প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, মোটা চালের দাম বাড়েনি, তবে মিনিকেট চালের দাম বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় চাল রপ্তানির সুযোগ দেওয়া হয়েছিল।
দেশে খাদ্য মজুদের বিষয়ে তিনি বলেন, বর্তমানে সরকারি গুদামে ১৭ লাখ মেট্রিক টন চাল ও তিন লাখ মেট্রিক টন গম মজুদ রয়েছে। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে।