সরকারি আবাসনেও এক ফ্ল্যাটের দাম ৫ কোটি ৪১ লাখ

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১২:১৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১২:১৪:৪৪ অপরাহ্ন



দীর্ঘদিন ধরে রাজধানীর শুক্রাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকছেন কবির হোসেন। মাঝারি আয়ের এই চাকরিজীবীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকায় একটি ফ্ল্যাট কেনা। অনেক বছর ধরে বেতনের টাকা জমিয়েও উচ্চমূল্যের কারণে ভালো কোনো এলাকায় একটি ফ্ল্যাট কেনার সাহস পাচ্ছেন না তিনি। তবুও স্বপ্ন হারাননি; সরকারি আবাসন প্রকল্পগুলোর লটারিতে একটি ফ্ল্যাট বা প্লট পাওয়ার আশায় বুক বেঁধে আছেন।

শুধু কবির হোসেন নয়, ঢাকা শহরে নিজের একটি ফ্ল্যাটের স্বপ্ন মধ্যবিত্ত পরিবারের অনেকেরই। বছরের পর বছর সঞ্চয় করেও ঢাকায় একটি ফ্ল্যাট কেনার সামর্থ্য হয় না অনেকের। তাই মানুষ অপেক্ষায় থাকে কখন সরকারি আবাসন প্রকল্পে এ ধরনের সুযোগ আসবে।

তবে সম্প্রতি ঘোষিত সরকারি আবাসন প্রকল্পের একটি ফ্ল্যাটের দাম শুনে চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়েছে অনেকের। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) উদ্যোগে নির্মিত ওই আবাসন প্রকল্পের একেকটি ফ্ল্যাটের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ কোটি টাকার ওপরে।

আবাসন নিয়ে কাজ করা সরকারের বিশেষায়িত এই প্রতিষ্ঠানটির এমন ঘোষণায় মধ্যবিত্তের ফ্ল্যাট কেনার সুযোগ কতটুকু থাকবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সাধারণ মানুষের আবাসন সংকট দূর করার পরিবর্তে সরকারি জমি ও প্রতিষ্ঠানের অর্থে একটি নির্দিষ্ট শ্রেণির জন্য এই উচ্চমূল্যের আবাসন তৈরি হচ্ছে বলেও মনে করছে সচেতন মহল।


সম্প্রতি ‘গৃহায়ন ধানমন্ডি’ প্রকল্পের ২৫টি ফ্ল্যাট বরাদ্দ দিতে আবেদন আহ্বান করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। ধানমন্ডি রোড-৬/এ-এর ৭১১ নম্বর (নতুন ৬৩) বাড়িতে নির্মিত এসব ফ্ল্যাটের প্রতি বর্গফুটের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা। এর সঙ্গে গাড়ি পার্কিংয়ের জন্য দিতে হবে আরও ১০ লাখ টাকা। ফলে একেকটি ফ্ল্যাট কিনতে ক্রেতাদের গুনতে হবে সর্বনিম্ন ৫ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা।


এ প্রসঙ্গে নগরবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ সিটিজেন জার্নালকে বলেন, ‘গৃহায়ন নীতিমালায় সবার জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিতের কথা বলা আছে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত যাদের আবাসন প্রয়োজন-তাদের জন্য এসব প্রকল্প নেওয়া হলেও শেষমেশ এর সুবিধা পায় বিত্তশালীরা। যা সমাজে আরও বেশি শ্রেণিবৈষম্য ও অর্থনৈতিক বৈষম্য বাড়ায়।’


বরাদ্দের প্রসপেক্টাস অনুযায়ী, ২ হাজার ৩০ বর্গফুটের ১২টি এবং ২ হাজার ১৬৬ বর্গফুটের ১৩টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। যথাক্রমে এসব ফ্ল্যাটের মূল্য ধরা হয়েছে ৫ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ৫ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা। এর সঙ্গে গাড়ি পার্কিংয়ের মূল্য যোগ হবে। ফ্ল্যাটের আয়তনের মধ্যে সিঁড়ি, লিফট, লবি ও সাধারণ ব্যবহারের জায়গাও অন্তর্ভুক্ত রয়েছে।


ফ্ল্যাটের মূল্য একবারে পরিশোধের পাশাপাশি কিস্তিতে দেওয়ার সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। তবে দখল বুঝে পেতে বরাদ্দপত্র পাওয়ার দুই মাসের মধ্যে মোট মূল্যের ৫০ শতাংশ পরিশোধ করতে হবে। চাইলে দুই মাসের মধ্যে ২৫ শতাংশ এবং পরবর্তী এক বছরের মধ্যে আরও ২৫ শতাংশ পরিশোধ করা যাবে। বাকি ৫০ শতাংশ এককালীন অথবা সর্বোচ্চ ছয় বছরে মাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। তবে বাকি অর্থের ওপর ১২ শতাংশ সুদ এবং ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে।

ফলে, সর্বনিম্ন দামের ফ্ল্যাটটির ক্ষেত্রেও দখল বুঝে পেতে ক্রেতাকে প্রথম পর্যায়ে ২ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করতে হবে। এর বাইরে গাড়ি পার্কিংয়ের জন্য আরও ১০ লাখ টাকা দিতে হবে। কিস্তির সুবিধা থাকলেও প্রাথমিক অর্থের পরিমাণই অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের সামর্থ্যের বাইরে।

শুধু তা-ই নয়, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি কিংবা অন্য কোনো যৌক্তিক কারণে নির্মাণ ব্যয় বাড়লে ফ্ল্যাটের মূল্যও বৃদ্ধি পাবে। এদিকে, পাঁচ কোটি টাকার বেশি দিয়ে ফ্ল্যাট কিনলেও ক্রেতা জমির আনুপাতিক মালিকানা পাবেন না। ফ্ল্যাটের সম্পূর্ণ মূল্য পরিশোধের পর কর্তৃপক্ষের সঙ্গে লিজ দলিল সম্পাদন করতে হবে।


ফ্ল্যাট কিনতে আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে আবেদনকারী বা তার স্ত্রী-স্বামী, সন্তান কিংবা পোষ্যের নামে ঢাকার উত্তর বা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজউক কিংবা অন্য কোনো সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে আগে প্লট বা ফ্ল্যাট বরাদ্দ পাওয়া থাকলে তিনি আবেদন করতে পারবেন না। আবেদন করতে ফ্ল্যাটের আকার অনুযায়ী ১০ লাখ অথবা ১৫ লাখ টাকা জামানত দিতে হবে। আবেদনকারীদের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে।

আবাসন সবার জন্য, প্রকল্প কাদের জন্য

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যাবলি অনুযায়ী, সংস্থাটির অন্যতম দায়িত্ব স্বল্প ব্যয়ের ও আত্মসহায়তামূলক আবাসন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন। এ ছাড়া দুর্দশাগ্রস্ত নারী, অসহায় ও দুস্থ নাগরিকদের জন্য আবাসন কার্যক্রম গ্রহণের কথাও রয়েছে। কর্তৃপক্ষের ঘোষিত লক্ষ্য সবার জন্য পরিকল্পিত ও সহজলভ্য আবাসনের ব্যবস্থা করা। অথচ ধানমন্ডির এই প্রকল্পের ফ্ল্যাটের মূল্য পাঁচ কোটি টাকার বেশি হওয়ায় মধ্যবিত্ততো দূরের কথা, উচ্চআয়ের সীমিত একটি শ্রেণির বাইরে এসব ফ্ল্যাট কেনার সুযোগ কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নগরবিদদের মতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মতো সরকারি প্রতিষ্ঠানের আবাসন প্রকল্পে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে শুধু উন্মুক্ত আবেদন ও লটারির ব্যবস্থা যথেষ্ট না। কারণ, আবেদন করার আনুষ্ঠানিক সুযোগ সবার জন্য থাকলেও কয়েক কোটি টাকা পরিশোধের সক্ষমতা না থাকলে প্রকৃত অর্থে এই আবাসনের সুবিধা সীমিত একটি উচ্চ আয়ের জনগোষ্ঠীর মধ্যেই থেকে যেতে পারে বলে মনে করেন তারা।


নগরবিদ ও ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)-এর নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান সিটিজেন জার্নালকে বলেন, ‘সরকারি সংস্থা হয়েও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বেসরকারি আবাসন ব্যবসায়ীদের মতো করে আচরণ করছে। ধানমন্ডিতে শুধু ধনীরাই থাকেন না। তাদের বাসা-বাড়ি এবং ধানমন্ডি এলাকায় কাজ করতে দূর থেকে নিম্নআয়ের অনেক মানুষ আসেন। এই বিষয়টিও গৃহায়নের দেখা উচিত ছিল। কিন্তু জাগৃকের দ্বায়িত্বে যারা আসেন তারা মূলত দুই-তিন বছরের পিকনিক সেরে যান। পরিকল্পিত আবাসন নিয়ে কোনো ধারণা না থাকায় এরকম উচ্চমূল্যের ফ্ল্যাট নির্মাণ করে তারা নিজের স্বজন, আমলা, সচিব ও বন্ধুদের খুশি করেন।’

এ বিষয়ে চেষ্টা করেও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে তার মুঠোফোন নম্বরে খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও সমন্বয়) আবুল কাশেম মোহাম্মদ শাহজালাল মজুমদার সিটিজেন জার্নালকে বলেন, ‘এ বিষয়ে আমি নতুন করে কিছু বলতে পারবো না। ফ্ল্যাট মূল্য মিনিস্ট্রি থেকে অনুমোদিত।’

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com