প্রধানমন্ত্রীর অফিসে ১৫০ টাকার খাবারের বাধ্যবাধকতা বাতিল করতে আইনি নোটিশ

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১২:৩৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১২:৩৫:২৫ অপরাহ্ন



প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক সুস্থতা, মানসিক কর্মক্ষমতা এবং সঠিক নীতিনির্ধারণী সক্ষমতা রক্ষার স্বার্থে তাদের জন্য নির্ধারিত দুপুরের খাবার ও বিকেলের নাস্তার সম্মিলিত ১৫০ টাকার অভিন্ন ব্যবস্থা অবিলম্বে বাতিল করা এবং তাদের পুষ্টিকর খাবারের বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি অথবা বাসা থেকে খাবার আনার নির্দেশ প্রদানের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।



তবে, প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সম্মিলিত ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকেলের নাস্তা গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 

রোববার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশটি প্রেরণ করেন।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব বরাবর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে।

আইনি নোটিশে সংবিধানের অনুচ্ছেদ ২১(১), ২১(২) এবং ১৮(১) উদ্ধৃত করে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২১(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হচ্ছে সর্বদা জনগণের সেবা করার চেষ্টা করা এবং ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধন রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় যে, প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সম্মিলিত ১৫০ টাকা বাজেটে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা গ্রহণ করেন এবং একইসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর জন্যও দুপুরের খাবার ও বিকেলের নাস্তা বাবদ সম্মিলিত ১৫০ টাকা মূল্যের অভিন্ন বাজেট নির্ধারণ করা হয়েছে।

নোটিশে নির্বাচিত রাজনৈতিক নেতা এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যকার সাংবিধানিক ও কার্যগত পার্থক্য স্পষ্ট করে তুলে ধরা হয়।

প্রথমত, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও রাজনৈতিক স্বাধীনতা


প্রধানমন্ত্রী একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা। সম্মিলিত ১৫০ টাকা বাজেটে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা গ্রহণ তার ব্যক্তিগত জীবনযাপন, মিতব্যয়িতার প্রতীক বা রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি তার ব্যক্তিগত ইচ্ছা ও রাজনৈতিক বিবেচনা অনুযায়ী সম্মিলিত ১৫০ টাকায় খাবার গ্রহণের পূর্ণ স্বাধীনতা রাখেন।

দ্বিতীয়ত, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পুষ্টি ও কর্মক্ষমতার প্রশ্ন

অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আমলা, প্রশাসনিক কর্মকর্তা ও নীতিনির্ধারকগণ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং তারা প্রজাতন্ত্রের পেশাদার কর্মচারী। ঢাকার বর্তমান বাজারদর ও মুদ্রাস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের মূল খাবার এবং বিকালের নাস্তা মিলিয়ে সুষম পুষ্টি, পর্যাপ্ত আমিষ, ভিটামিন ও ক্যালরিযুক্ত খাবার পাওয়া অসম্ভব। রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্রের কর্মকর্তাদের পর্যাপ্ত পুষ্টি থেকে বঞ্চিত রাখলে তাদের মধ্যে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ তৈরি হয়, যা দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ জাতীয় নীতি প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে মারাত্মকভাবে ব্যাহত করে।

অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন নোটিশে আগামী ১০ (দশ) দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ১৫০ টাকার দুপুরের খাবার ও বিকেলের নাস্তার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া, তাদের সুষম পুষ্টি ও কর্মশক্তি নিশ্চিত করতে খাবারের সরকারি বাজেট ও হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা অথবা বাসা থেকে নিজস্ব পুষ্টিকর খাবার নিয়ে আসার আনুষ্ঠানিক নির্দেশ জারির দাবি জানিয়েছেন। 


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com