পাবনার বেড়া মডেল থানায় বল্লম নিয়ে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। এ সময় ককটেলও নিক্ষেপ করা হয়। আজ রোববার ভোর চারটার দিকে থানার পাশে বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ এ সময় ১২টি কাঁদানের গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। হামলাকারীরা পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং আল হামরা পরিবহনের যাত্রীবাহী বাস ভাঙচুর করে।
এদিকে থানায় হামলার খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী থানার ফটকে অবস্থান নেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানতে পেরেছে। এ ছাড়া হামলার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ফেসবুকে থানায় হামলার কথা জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে। পুলিশ আগে থেকেই এ ধরনের হামলার আশঙ্কায় সতর্ক ছিল। হামলার বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ায় অল্প সময়ের মধ্যেই হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে শম্ভুপুর মহল্লার একদল নারী থানার ফটকে এসে বিক্ষোভ করেন। গত ১৯ নভেম্বর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির মুক্তির দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।
পুলিশের ভাষ্য, এর প্রায় ছয় ঘণ্টা পর আজ ভোর চারটার দিকে শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে থানায় হামলা চালায়। তারা থানার দিকে ইট–পাটকেল ও ফালা-বল্লম নিক্ষেপ করেন এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে এ অবস্থা চলে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং পাবনা–ঢাকা পথে চলাচলকারী যাত্রীবাহী বাস আলহামরায় ভাঙচুর করা হয়।
আলহামরা পরিবহনের অন্যতম মালিক মোমিতুল চৌধুরী জানান, ভাঙচুরে তাঁদের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটিকে মেরামত করার জন্য ইতিমধ্যেই ঢাকায় পাঠানো হয়েছে।
বর্তমানে পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে জানান ওসি গোলাম মোস্তফা। পৌর এলাকার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
বেড়া পৌর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ১৯ থেকে ২১ নভেম্বর টানা তিন দিন দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। ১৯ নভেম্বর সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বেড়া মডেল থানার সামনে অবস্থান করে স্লোগান দেন ও বন্ধ থাকা থানার গেটে আঘাত করতে থাকেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ওই দিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
পরের দুই দিন পৌরসভার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ২১ নভেম্বর দুপুরে সংঘর্ষের সময় পুলিশ কাঁদান গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসব ঘটনায় দুই পক্ষের অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে বেড়া মডেল থানার তৎকালীন ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়।