যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-১০-২০২৬ ১০:৪২:১১ পূর্বাহ্ন
আপডেট সময় :
২১-১০-২০২৬ ১০:৪২:১১ পূর্বাহ্ন
আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ---
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের পৃথক টহলদল এসব মালামাল আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া এবং অবৈধভাবে নিয়ে আসা ৩৬টি ভারতীয় শাড়ী, ৮টি থ্রি-পিস, ৮টি কম্বল, ১ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৭৫ প্যাকেট পাতার বিড়ি এবং ২৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪২ হাজার ৩২৫ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার চক্রকে আটক করার জন্য বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, বিজিবির এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযানের ফলেই সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রেরক,
আঃজলিল
স্টাফ রিপোর্টার
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স